নগরীর পশ্চিম পাঠানটুলার পল্লবী এলাকা থেকে সিলেট পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী আবাসিক এলাকার ২৫ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে শান্তার পরিবারের অভিযোগ হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়।
জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ জানান, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত চিকিত্সক প্রিয়াংকা তালুকদার শান্তা পল্লবী আবাসিক এলাকার প্রকৌশলী দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে মেয়ের বাবা হূষিকেশ দাসের অভিযোগের ভিত্তিতে শান্তার স্বামী স্থপতি দিবাকর চন্দ্র দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসমানী মেডিক্যাল কলেজ শিক্ষার্থীর
আত্মহত্যা
এদিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান মিথিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত পড়ালেখার চাপে মিথিলা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে এ আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে বলে জানান সিলেট বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদুত হোসেন।
তিনি জানান, রবিবার ভোরে সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকার বাসা থেকে মিথিলার ওড়নায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মিথিলা এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তার বাবা আব্দুল হালিমও একজন চিকিত্সক।
