পাকিস্তানের একটি অভিজাত হোটেলে হামলাকারী তিন সন্ত্রাসীই নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় হোটেলের এক নিরাপত্তারক্ষী এবং ৩ জন কর্মকর্তা ও নৌবাহিনীর এক সৈন্যসহ ৫জন নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের বন্দরনগরী গোয়াদারে বিলাসবহুল পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিন বন্দুকধারী হামলা করে শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে। এর পরপরই নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে। গতকাল হোটেলটিকে নিরাপদ ঘোষণা করা হয়। খবর বিবিসি’র
কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারীরা হোটেলের দ্বিতীয় তলার একটি অংশে অবস্থান নিয়ে অনেকটা সময় ধরে গুলি ছুঁড়েছে। নিরাপত্তা বাহিনীও পাল্টা অবস্থান নিয়ে অভিযান চালালে শেষ পর্যন্ত বন্দুকধারী তিনজনই নিহত হয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে বলেছে, চীনসহ অন্য বিদেশি বিনিয়োগকারীদের তারা টার্গেট করেছিল। যে এলাকায় হোটেলে এই হামলা হয়েছে, সেই গোয়াদার এলাকায় চীন শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। এই সশস্ত্র গোষ্ঠীটি চীনা বিনিয়োগের বিরুদ্ধে। তাদের বক্তব্য, চীন সেখানে যে বিনিয়োগ করছে, তাতে স্থানীয়দের কোনো লাভ হবে না। পার্ল কন্টিনেন্টাল হোটেলেও নিয়মিত চীনাসহ অনেক বিদেশি থাকতেন। তবে হোটেলের একজন মুখপাত্র জানিয়েছেন, রমযানের কারণে অতিথি কম ছিল এবং যে ক’জন অতিথি ছিল, তাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল। পার্ল কন্টিনেন্টাল হোটেলে শনিবার বিকেলে একদল বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে পাকিস্তান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একটা বৈঠক ছিল। বন্দুকধারীরা ঐ বৈঠকে অংশগ্রহণকারিদের টার্গেট করে হামলা চালিয়েছিল।
