বেসিস আইটি মার্কেটিং ফোরামে বক্তারা

৪১ হাজার কোটি ডলারের বিপিও বাজারের সম্ভাবনা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৯:৩৭
দেশে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজন করল ‘বেসিস আইটি মার্কেটিং ফোরাম’। গত ৮ জুলাই দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে ফোরামটি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস মার্কেটিং ফোরাম-এর আহ্বায়ক ও বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে ফোরামের গোল্ড স্পন্সর জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি, গুগল দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান আনন্দ তিলক ও বেসিস-এর ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আইটি কোম্পানিতে কর্মরত ব্যক্তির কোম্পানির পণ্য ও সেবা একটি ব্র্যান্ড হিসেবে বিপণনের সম্যক ধারণা ও দক্ষতা থাকা আবশ্যক। কিন্তু অধিকাংশেরই এ সম্পর্কিত সঠিক ধারণা না থাকায় তারা প্রত্যাশিত সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে না। প্রত্যাশিত সাফল্য অর্জনের নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় এবং নির্দেশনামূলক একটি ফোরাম হিসেবেই এর যাত্রা। অনুষ্ঠানে বক্তারা বিশেষ করে উল্লেখ করেন বিপিও শিল্পের কথা। ২০১৫ সালের মধ্যে এই বাজার বৃদ্ধি পেয়ে হবে প্রায় ৪১ হাজার কোটি ডলার। প্রয়োজনীয় প্রস্তুতি থাকলে এই বিপুল পরিমাণ বাজার ধরতে সফল হবে বাংলাদেশ। দিনব্যাপী এ ফোরামে দেশের ও দেশের বাইরের তথ্যপ্রযুক্তি ও বিপণন বিশেষজ্ঞবৃন্দ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবং তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। সারাদিনে ছিল চারটি পৃথক অধিবেশন। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানে কর্মকর্তা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এই সেশসগুলোতে।