ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ আন্তর্জাতিকভাবে অপ্রত্যাশিত চাপে আছে। তিনি যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। দেশটির প্রভাবশালী বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডের এক কমান্ডার জানিয়েছেন, উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ আসায় তাদের জন্য আরো সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে ইসরাইলের জ্বালানি মন্ত্রী জুভাল স্ট্রেইনিতজ আশঙ্কা করেছেন, ইরান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার দেশে হামলা চালাতে পারে। খবর বিবিসি ও রয়টার্সের
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধে ইরানের প্রেসিডেন্ট রুহানি দেশের মধ্যে চাপে আছেন। গতকাল প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশি ইরাকের সঙ্গে ১৯৮০-৮৮ সালের যুদ্ধের সময়ের চেয়েও দেশের অবস্থা এখন বেশি খারাপ। রাজধানী তেহরানে সমর্থকদের সমাবেশে রুহানি বলেন, ওই সময় তেল বিক্রয় কিংবা আমদানি এবং ব্যাংকের লেনদেনে কোনো সমস্যা ছিল না। কেবল অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা ছিল। অথচ এখন সবগুলো সমস্যাই আমাদের গ্রাস করছে। তিনি এজন্য শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। রুহানি বলেন, আমার বিশ্বাস এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো যদি আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হই। রেভ্যুলিউশনারি গার্ডের বিমান শাখার কমান্ডার আমিরালি হাজিজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে যুদ্ধজাহাজ, বোমারু বিমান এবং ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। কিন্তু তারা আমাদের হুমকি দিচ্ছে। কিন্তু তাদের পদক্ষেপ আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে।
