ফাইনালের পথে শ্রীলঙ্কা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১৪
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে গত সোমবার শ্রীলঙ্কা বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দুর্দান্ত এ জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলার পর লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুস প্রশংসার বৃষ্টিতে স্নাত করিয়েছেন দলের খেলোয়াড়দের। অন্যদিকে প্রথম দুটি ম্যাচে জয়ের পরেও এ হারের ফলে স্বাগতিকদের ফাইনালে খেলা নিয়েই এখন শঙ্কা সৃষ্টি হলো। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকালই ভারতের বিরুদ্ধে মাঠে নামে শ্রীলঙ্কা। এ রিপোর্ট লেখা পর্যন্ত টসে হেরে ভারত প্রথমে ব্যাট করছিল। এই ম্যাচে লঙ্কানদের জয়টা তাদের চেয়ে বেশি প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। কারণ, শ্রেয়তর নেট রানরেট নিয়ে লঙ্কানরা এরই মধ্যে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে। গতকালের ম্যাচে যদি তারা জিতে যায় তাহলে ফাইনালে তাদের সঙ্গী হবে ওয়েস্ট ইন্ডিজ। আর তারা হেরে গেলে পয়েন্ট সমান হলেও ক্যারিবীয়দের চাইতে শ্রেয়তর নেট রানরেট নিয়ে ফাইনালে যাবে ভারত। এদিকে গত সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পেছনে দারুণ ভূমিকা রাখা কুমার সাঙ্গাকারার পাশাপাশি ম্যাথুস প্রশংসায় ভাসিয়েছেন পুরো দলকেই। তিনি বলেন, ‘খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি দারুণ সন্তুষ্ট। তারা কঠিন মানসিকতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে। ইনিংসটি ধরে রেখে সাঙ্গাকারা অসাধারণ ব্যাটিং করেছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে আগে ব্যাট করাটা বেশ অসুবিধাজনক। তাই আমাদের রান করতে হতো। আমি খুশি যে স্কোর বোর্ডে আমরা পর্যাপ্ত রান তুলতে পেরেছি।’ অন্যদিকে পরাজিত অধিনায়ক পোলার্ড মনে করেন প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দলটি এদিন কোন কিছুই ঠিকভাবে করতে পারেনি। ডোয়াইন ব্রাভোর অনুপস্থিতিতে নেতৃত্ব দেয়া পোলার্ড ম্যাচ শেষে বলেন, ‘আমরা কোন কিছুই ঠিকভাবে করতে পারিনি। আপনাকে পরিকল্পনা অনুযায়ী বল করতে হবে। বাজে বোলিংয়ের জন্য কোন ধরনের ফিল্ডিং পরিকল্পনাই যথেষ্ট নয়। সত্যি কথা হচ্ছে যে, আমাদের বোলিং পারফরম্যান্স কোনভাবেই যথাযথ ছিল না। ৩১টি অতিরিক্ত রান কোনভাবেই মেনে নেয়া যায় না। ব্রাভো এবং সিমন্স আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা কোন অবদানই রাখতে পারেনি।’ গত রবিবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সোমবার ম্যাচের ওভার সীমা কমিয়ে ৪১ এ নামিয়ে আনা হয়। ৯৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৯০ রানের অনবদ্য ইনিংস খেলে লঙ্কানদের লড়াই করার মতো স্কোর এনে দেন সাঙ্গাকারা। সাঙ্গাকারাকে মাঝে ভালো সঙ্গ দিয়েছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। এ দুজনের যৌথ প্রচেষ্টায় ৮ উইকেটে ২১৯ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন পেসার কেমার রোচ। জয়ের জন্য ৪১ ওভারে ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খাদের কিনারায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোর বোর্ডে ৩১ রান উঠতেই উপরের সারির প্রথম চার ব্যাটসম্যানকে হারায় ক্যারিবীয়রা। পঞ্চম উইকেটে ড্যারেন ব্রাভো ও সিমন্সের গড়ে উঠা ১২৩ রানের জুটিটি স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনে। তবে এরাঙ্গা এই জুটি ভেঙ্গে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রান পর্যন্ত যেতে সমর্থ হয় স্বাগতিকরা। সাঙ্গাকারা ম্যাচসেরা নির্বাচিত হন।