মোনাকোয় আবিদালের স্বপ্নিল ফেরা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১৫
অভিজ্ঞ ডিফেন্ডার এরিক আবিদাল জানিয়েছেন, নিজের পেশাদার ক্যারিয়ারের শেষ দিকে আবার মোনাকোতে ফেরাটা ‘সবসময়ই’ তার লক্ষ্য ছিল। আবিদাল ২০০০ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে পেশাদার ফুটবলে অভিষেক নেন। এরপর লিলি, লিয় ও বার্সেলোনায় খেলতে যাওয়ার আগে দলটির হয়ে ২৬ খেলায় অংশ নেন তিনি। এর পাশাপাশি ফ্রান্স জাতীয় দলের হয়েও ৬১টি খেলায় অংশ নেন। সম্প্রতি বার্সেলোনা ছাড়তে বাধ্য হওয়া ৩৩ বছর বয়সী এই ফুটবলারটি। মোনাকোতে ফেরার মধ্যদিয়ে ডিফেন্ডারটি বৃত্ত পূর্ণ করলেন। ক্লাবে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময় সোমবার তিনি এও জানান যে, মোনাকোয় যোগদানে আগ্রহের কারণে তিনি অন্য ক্লাবগুলো থেকে আসা প্রস্তাব অগ্রাহ্য করেন। তিনি বলেন, ‘১৯ বছর বয়সে আমি মোনাকোর হয়ে খেলতে শুরু করি। মোনাকোয় ফেরাটা সবসময়েই আমার লক্ষ্য ছিল। যেখানে আমার অসাধারণ স্মৃতি আছে। আমি এখানে আসতে পেরে এবং সভাপতির আস্থা পেয়ে খুবই আনন্দিত। আমার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে অনেকেই আমাকে নিয়ে সন্ধিগ্ধ ছিল।’ গত দুই বছর ধরে ক্যান্সারের সাথে সংগ্রাম করেছেন আবিদাল এবং গেল বছর তার লিভার প্রতিস্থাপন করা হয়। এরকম একটা অস্ত্রোপচারের পর ডাক্তাররা তাকে খেলা চালিয়ে যেতে পারবেন বলে জানালেও, জল্পনা ছিল আবিদাল হয়তো অবসর নেবেন। বিশেষ করে বার্সেলোনার সাথে তার চুক্তি শেষ হয়ে গেলে। কিন্তু বা পায়ের ক্ষিপ্রতা সম্পন্ন এই সেন্ট্রাল ডিফেন্ডার এখনই ক্যারিয়ারের সমাপ্তি টানতে রাজি নন। তাই মোনাকো তাকে সুযোগ দেয়ায় তিনি শিহরিত। এ ব্যাপারে আবিদালের বক্তব্য, ‘আমার পছন্দ ছিল সহজ, আবার সেখানে ফিরে যাই যেখান থেকে খেলাটা শুরু করেছিলাম। বার্সেলোনা অধ্যায়ের পরও ফুটবল খেলে যাওয়াটা ছিল সত্যি সত্যি আমার লক্ষ্য এবং এজন্য আমি লড়েছি। মোনাকোই ছিল আমার এক নম্বর পছন্দ, যদিও আমার অন্যত্রও খেলার জন্য প্রস্তাব ছিল।’ গত মৌসুমের শেষে ফ্রান্সের লিগা ওয়ান এ উন্নীত হওয়ার পর সাতবারের ফরাসি লিগ চ্যাম্পিয়ন দলটি আবিদালকে নিয়ে এ পর্যন্ত নয়জনকে সই করালো। অন্য যাদের সই করানো হয়েছে তারা হলেন-অ্যাতলেটিকো মাদ্রিদের র্যাডামেল ফেলকাও, পোর্তোর সাবেক জুটি জেমস রডরিগোয়েজ ও হোয়াও মউটিনহো, রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রিকার্ডো কার্ভালহো ও মালাগা থেকে আসা অভিজ্ঞ মিডফিল্ডার জেরেমি টউলালান সকারওয়ে।