পাবনায় জেলা ফুটবল

চিত্তবিনোদন ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১৬
পাবনা জেলা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরদীর পিজিসিবি শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাব। গতকাল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক পাবনা জেলা ফুটবল লীগের শেষ খেলায় চিত্তবিনোদন ক্লাব টাইব্রেকারে ৬-৫ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে ড্র ছিল। ব্রাদার্সের ইকো এবং চিত্তবিনোদন ক্লাবের বিপ্লব গোল করেন। লিগে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের বদরুল এবং একই দলের রিয়াদ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রাইম ব্যাংক শাখা প্রধান এ কে এম এনামুল হকসহ পাবনা জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, লীগ কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশাসহ অন্য কর্মকর্তাবৃন্দ। খেলা শুরু হওয়ার আগে পাবনার প্রবীণ ক্রীড়া সংগঠক এমএ মহিত দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।