ইন্ডিয়া টিভির স্টিং অপারেশনের সূত্র থেকে পাওয়া অভিযোগ তদন্ত করে এবার নিজেদের দুই আম্পায়ারকে নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দীর্ঘ মেয়াদে শাস্তিপ্রাপ্ত দুই আম্পায়ার সাগারা গ্যালাগে এবং মাউরিস ডি লা জিলওয়ার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তারা অর্থের বিনিময়ে ম্যাচ চলাকালীন বুকিদের কথামতো সিদ্ধান্ত দিতে রাজি হয়েছিলেন। এছাড়া স্বল্প মেয়াদে শাস্তি পাচ্ছেন আরেক আম্পায়ার জামিনি দিসানায়েকে। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাচ্ছেন গ্যালাগে। তার ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিঙের উপর দশ বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে এসএলসি। অন্যদিকে জিলওয়াকে নিষিদ্ধ করা হয়েছে তিন বছরের জন্য। বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং সেগুলো সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। শাস্তিপ্রাপ্ত দুই আম্পায়ার এ বিষয়ে এখনো কিছু বলেননি। এদিকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচে অতিরিক্ত আম্পায়ারের ভূমিকা পালন করা দিসানায়েকেকে এক বছরের জন্য ঘরোয়া ক্রিকেটের নিম্নতর পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছে বোর্ড।
একই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আম্পায়ার নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে।
