চট্টগ্রাম থেকে অপহরণের ২৪ ঘণ্টার মাথায় মেহরাজ (৭) নামের এক স্কুল ছাত্রকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকার নর্থ সিটি মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মেহরাজ সোমবার বেলা ১১টার দিকে স্কুল থেকে তাদের বাসায় ফেরার পথে অপহূত হয়। পরে অপহরণকারীরা তার পিতা চট্টগ্রাম মহানগরীর ব্যবসায়ী সহিদুল ইসলামের নিকট মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় সহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ্ থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় উত্তর কাট্টলীর আবু বকরের পুত্র অপহরণকারীচক্রের সদস্য আলতাফকে সোমবার গভীর রাতে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আকবর শাহ্ থানার এসআই আলমগীর হোসেন জানান, অপহরণকারী আলতাফকে ছেড়ে দেয়ার কৌশল অবলম্বন করার ফলে মেহরাজকে ছাড়িয়ে আনা সম্ভব হয়। অপহরণকারী আলতাফ পুলিশকে জানায়, সে এবং মেহরাজের পিতা সহিদুল ইসলাম চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকায় একই ভবনের ৩য় ও চতুর্থ তলায় বসবাস করে।
