দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:১৭

মানিকগঞ্জের ঘিওরে নয়াচর-নবগ্রাম সড়কের বেড়িবাঁধ খালে নির্মিত ব্রিজটির গোড়া থেকে মাটি সরে গেছে এবং ব্রিজের একপাশের পাখা ভেঙে যাওয়ায় জনসাধারণের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ব্রিজের গোড়ায় ও প্রায় আড়াই কিলোমিটার সড়কে মাটি না থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন তিনটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ।

প্রতিদিন রামদিয়া, গোয়ালডাঙ্গি, করচাবাধা, নয়াচর, নালী, গাংডুবি, তারাইল, কাকজোর, বানিয়াজুরি, নবগ্রাম, বারইল, নয়াকান্দি, সরপাই, বাঠুইমুড়ির কাঁচা সড়ক ও ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নবগ্রাম সঃ প্রাঃ বিদ্যালয়, আব্দুল হালিম দাখিল মাদ্রাসা ও অফিস আদালতসহ বিভিন্ন জায়গার কলেজের শিক্ষার্থীদের যাতায়াতসহ মালবাহী গাড়ি ব্রিজে উঠতে ও নামতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একটু বৃষ্টি হলেই ব্রিজের গোড়া থেকে মাটির সড়কে হাঁটু পানি, কাদা জমে থাকে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং কাদায় পোশাক নষ্ট হয়ে যায়। অতিদ্রুত মাটি ভরাট করা না হলে দিনদিন জনসাধারণের দুর্ভোগ ও ভোগান্তি চরমে পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, এডিপির অর্থায়নে ২০১১-২০১২ অর্থ বছরে উপজেলা পরিষদ এলজিইডির মাধ্যমে ব্রিজটি নির্মাণ করে।

এই ব্রিজ দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বিগত কয়েক বন্যা এবং অতি বৃষ্টির কারণে ব্রিজটির দুই পাশের মাটি ধসে যায়। এ সড়কের প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিনেও মেরামত করা হয়নি।

রামদিয়া এলাকার ডা. জমির উদ্দিন, মো. লতিফ বিশ্বাস, আব্দুর রাজ্জাক, মোশারফ হোসেনসহ এলাকাবাসী জানান, আমরা এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে মৌখিকভাবে অনেকবার বলেছি কিন্তু তারা পরিষদের তহবিলে অর্থ না থাকায় কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আঃ হানিফ জানান, আমার এলাকা অনুযায়ী বাজেট কম থাকায় কিছু করতে পারিনি। সামনে জুনের বাজেটে রামদিয়া নালী সংযোগ সড়কটির মেরামত প্রকল্প পরিষদে দিয়ে দেব।

বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন। পরবর্তী বাজেটে প্রকল্প তৈরি করে মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাজ্জাকুর রহমান বলেন, নয়াচর-নবগ্রাম সংযোগ সড়কে বেড়িবাঁধ খালে মানিক মিয়ার বাড়ির কাছের ব্রিজটি মেরামত ও রামদিয়া এলাকার সড়কটি আইডিভুক্ত না থাকায় এবারের প্রকল্পের বাজেটে অন্তর্ভুক্ত করা যায়নি। উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে পরবর্তীতে বাজেট আসলে ব্রিজ ও সড়কটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।