সাভারে কিশোরের মৃতদেহ উদ্ধার ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:২০

সাভারে পৃথক ঘটনায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ এবং ট্রাক চাপায় নিহত এক পথচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নরসিংহপুর বেরন এলাকার একটি মাঠ থেকে এবং গতকাল রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বেরন এলাকার একটি মাঠ থেকে আসলাম (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত আসলাম ভোলা সদরের বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে। সে স্থানীয় মেল্লাবাজার এলাকায় মৃত হাসেম দেওয়ানের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত।

এদিকে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজারের সালেহপুর এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) পরিচয় এক পথচারী নিহত হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।