পারিশ্রমিকে রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো!

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৪৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে বদ্ধপরিকর রিয়াল মাদ্রিদ এবার নতুন কৌশলে যাচ্ছে। নতুন এই প্রস্তাব মানলে রোনালদো হবেন বিশ্বের সবচেয়ে বেশী পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। রোনালদোর সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি শেষ হচ্ছে ২০১৫ সালে। তবে এই স্ট্রাইকারকে আরো বেশী সময়ের জন্যই ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। ‘রিয়ালেই রোনালদো তার ক্যারিয়ারের ইতি টানবেন’, দিন দুয়েক আগে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সংবাদ মাধ্যমের সামনে এমন আশাবাদও ব্যক্ত করেছেন। তবে শুধু রিয়াল চাইলেই তো হবে না, এতে সম্মতি থাকতে হবে রোনালদোর। বর্তমানে সপ্তাহে দুই লাখ পনের হাজার পাউন্ড বেতন পাওয়া রোনালদো গত মৌসুম চলাকালীন জানিয়েছিলেন, রিয়ালে নিজের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না তিনি। আর দুর্দান্ত ফর্মে থাকা এই তারকার মন ভরাতে তাই রিয়াল চাইছে তাকে রেকর্ড পরিমাণ বেতন দিতে। সেক্ষেত্রে তার সাপ্তাহিক বেতন হতে পারে তিন লাখ ত্রিশ হাজার পাউন্ডের বেশী। কারণ, রাশিয়ান ক্লাব আনঝি মাখাচকালার ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্যামুয়েল ইতো ফুটবলারদের মধ্যে সববেয়ে বেশী বেতনধারী হিসেবে স্বীকৃত। তার সাপ্তাহিক বেতন তিন লাখ ত্রিশ হাজার পাউন্ড। রোনালদোকে নতুন প্রস্তাবে রাজি করাতে এ মাসেই আমেরিকায় উড়ে যাওয়ার কথা রয়েছে পেরেজের। পেরেজ চাইছেন আমেরিকায় রিয়ালের চারটি প্রাক-মৌসুম ম্যাচ চলাকালীন সময়েই নতুন চুক্তির সবকিছু ঠিকঠাক করে ফেলতে। ২০০৯ সালে আট কোটি পাউন্ড ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেয়া রোনালদো ক্লাবের হয়ে ১৯৯ ম্যাচে করেছেন ২০১ গোল। ২০১৫’র জুন পর্যন্ত বর্তমান চুক্তি কার্যকর থাকলেও কি জন্যে রিয়াল নতুন চুক্তির জন্য উঠে-পড়ে লেগেছে সেটা বোঝার জন্য হয়তো এ তথ্যই যথেষ্ট। রোনালদো অবশ্য এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে ক্লাব ছাড়ার সম্ভাবনা নেই তার।