পিটার সিডলের দুর্দান্ত পারফরম্যান্স গতকাল বুধবার ট্রেন্টব্রিজে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে পৌছে দিয়েছে সফরকারি অস্ট্রেলিয়াকে। প্রথম দিনের চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড ছয় উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে। সিডল দখল করেছেন পাঁচটি উইকেট।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে প্রথম আঘাতটা দেন পেসার জেমস প্যাটিনসন। ব্যক্তিগত ১৩ রানে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে উইকেট রক্ষকের তালুবন্দি করেন তিনি। এরপরেই শুরু হয় সিডলের আক্রমন। কুকের উদ্বোধনী সঙ্গী জো রুটকে দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করে শুরু করেন করেন তিনি।
মধ্যাহ্ন বিরতির পরপরই সিডল তুলে নেন প্রতিপক্ষ দলের সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের উইকেটটিও। স্লিপে অধিনায়ক মাইকেল ক্লার্কের ক্যাচে পরিনত করেন তিনি। একপ্রান্তে জোনাথন ট্রট প্রতিরোধ গড়ে তুললেও অন্য প্রান্তে অজি পেস আক্রমনের বিরুদ্ধে দাড়াতেই পারছিলেন না কেউ। স্বাগতিকরা তাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। হাফ সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে ফিরে যান ট্রটও। ফলে এক পর্যায়ে ১২৪ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।
সেখান থেকে ইয়ান বেল এবং ম্যাট প্রিয়র দলকে উদ্ধার করলেও সিডলের জোড়া আঘাত আবারো চাপে ফেলে দেয় কুকের দলকে। মাত্র দুই রানের ব্যবধানে দুজনকেই সাজঘরে ফেরত পাঠিয়ে পাঁচ উইকেট পূর্ন করেন সিডল। এ রিপোর্ট লেখার সময় জিমি বারিসটো ৩২ এবং পেসার স্টুয়ার্ট ব্রড ১ রানে ব্যাট করছিলেন।
