চট্টগ্রামে এ মাসেই শিশু-কিশোর ফুটবল উত্সব

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৪৭
পবিত্র রমজান শুরু হওয়ার কারণে আজ বৃহস্পতিবার পেডরোলো দ্বিতীয় বিভাগ ক্রিকেটের সুপার ফোর পর্ব শেষ হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে বড় কোন প্রতিযোগিতা থাকছে না। তাই এ মাসে একটি শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)। রোজার কারণে বন্দরনগরী চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আপাতত খেলাধুলার কোন সূচি রাখা হয়নি। রোজা শেষে ফুটবল লিগ আয়োজনের মধ্যদিয়ে আবার মুখর হয়ে উঠবে জেলার ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে প্রিমিয়ার ক্রিকেট ও প্রথম বিভাগ ক্রিকেট সম্পন্ন হয়েছে। তাই এ মাসে জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তাদের তেমন কোন ব্যস্ততা নেই। এ কারণেই কর্মকর্তারা মাসটিতে শিশু-কিশোরদের জন্য একটি ফুটবল উত্সব আয়োজনের উদ্যোগ নিয়েছেন। কিশোর ফুটবল উত্সবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স হতে হবে ৯ থেকে ১২ বছরের মধ্যে। উত্সবে অংশগ্রহণে ইচ্ছুক খেলোয়াড়দের আগামী ১২ জুলাই বিকাল ৩টায় সিজেকেএস ফুটবল কমিটির কার্যালয়ে রিপোর্ট করার জন্য বলা হয়েছে। তিন দিনের এ প্রতিযোগিতায় জেলার সাবেক তারকা ফুটবলারদের আমন্ত্রণ জানানো হবে।