নেদারল্যান্ডের সাথে শেষ মুহূর্তে নাটকীয় ম্যাচে টাই করে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলো আয়ারল্যান্ড।
আইরিশ বোলার জন মুনির শেষ দুই বলে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকিয়ে নেদারল্যান্ডের নয় নম্বর ব্যাটসম্যান মাইকেল রিপন তার দলের জন্য নির্ধারিত পয়েন্ট আদায় করে নেয়। কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ লীগ চ্যাম্পিয়নশীপে আট জাতির মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই আয়ারল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এই নিয়ে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে আইরিশরা। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হবে।
মঙ্গলবারের ফলাফলের পরে ১২ ম্যাচে ৯টি জয়সহ সর্বমোট ২০ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড টেবিলের শীর্ষে অবস্থান করছে। এখনো একটি স্থানের জন্য চারটি দেশের মধ্যে লড়াই চলছে। এর মধ্যে স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এই চারটি দেশের যেকোন একটির ভাল সম্ভাবনা রয়েছে।
আট দেশের মধ্যে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপের শীর্ষ দুটি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি ছয়টি দলের জন্য রয়েছে দ্বিতীয় সুযোগ। ২০১৪ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ছয়টি দেশ হংকং, নেপাল, পাপুয়া নিউগিনি এবং উগান্ডার সাথে লড়াই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। এই ১০ দলের মধ্যে থেকে ২০১৫ বিশ্বকাপের জন্য সংরক্ষিত দুটি স্থানের নাম চূড়ান্ত হবে। -বাসস/এএফপি
