প্রস্তুতি ম্যাচে ওয়াহেদের দুই গোল

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৪৮
জাতীয় দলের স্ট্রাইকার ওয়াহেদ আহমেদের পারফরম্যান্স দেখে দারুণ খুশি ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। সুপার কাপ ফুটবলে যে খেলাটা দেখিয়েছেন তার চেয়েও নাকি ভালো খেলছেন ওয়াহেদ। কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ খেলেছে জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ ছিল বিজেএমসি। ২-০ গোলে জিতেছে জাতীয় দল, গোল দুটি ওয়াহেদের। বিজেএমসির হয়ে খেলেছেন দেশি-বিদেশি ফুটবল খেলোয়াড়রা। বিজেএমসির জন্যও এই ম্যাচটি দারুণ উপকার হয়েছে। কারণ তারা ভুটানের কিংস কাপ ফুটবলে খেলতে যাবে। বিজেএমসির বিরুদ্ধে কাল ডাচ কোচ ক্রুইফ সব ক’জন খেলোয়াড়কে মাঠে নামিয়ে যাচাই করেছেন। ফিটনেস দেখে তিনি হতাশ হয়ে বলেছেন, খেলোয়াড়দের ফিটনেস আন্তর্জাতিক মানের নয়। আরো সময় লাগবে ফিটনেস আনতে।’ জাহিদ ও রনিকে নিয়ে তিনি টেনশনে আছেন। কারণ এই দু’জন ইনজুরিতে আছেন। তাদেরকে রাখা হবে কিনা তাও নিশ্চিত না। শনি বা রবিবার ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে চান কোচ। যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহান খান সম্পর্কে বলেন, ‘ওর শারীরিক ফিটনেস ভালো।’ সাফে যাওয়ার আগে থাইল্যান্ডের সাথে খেলতে চান কোচ। পাকিস্তান ঢাকায় আসবে খেলতে। এটি জাতীয় দলের জন্য বাড়তি পাওনা মনে করছেন ক্রুইফ। আগামী শনিবার আরো একটি ম্যাচ খেলতে পারে জাতীয় দল।