আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনেটের (আকসু) ঢাকা সফর এখন নিয়মিত ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেল, আকসুর একটি দল আগামী সপ্তাহে আবার ঢাকায় আসছে। তবে এই সফরেও তারা রিপোর্ট দেবে না। ‘অধিকতর তদন্ত’ করতে এই সফরে আরও কিছু জিজ্ঞাসাবাদ করবে তারা। তবে জিজ্ঞাসাবাদটা সন্দেহভাজন কোনো খেলোয়াড়কে করা হবে না। যতোদূর জানা গেছে, এই সফরে বিপিএলের কয়েকটি ফ্রাঞ্চাইজি মালিককেই মূলত জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের অন্তত দুটি ম্যাচ সন্দেহের তালিকায় আছে আকসুর। সে নিয়ে গত কয়েক মাস ধরে তদন্তে বেশ কয়েক জন খেলোয়াড় ও দল মালিকের নাম পত্র-পত্রিকায় এসেছে। এর মধ্যে নিজের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উল্লেখিত দুটি ম্যাচে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ইতিমধ্যে তিনি সাময়িক নিষিদ্ধও হয়ে আছেন। তবে সব মিলিয়ে কোন্ খেলোয়াড়ের বিপক্ষে কী ব্যবস্থা নেয়া হবে, সেটা নির্ভর করছে আকসুর রিপোর্ট পাওয়ার ওপরে।
আকসুর রিপোর্ট পাওয়ার অন্তত দুটি তারিখ এর মধ্যে চলে গেছে। কিন্তু ‘অধিকতর তদন্ত’ করার জন্য আকসু দফায় দফায় রিপোর্ট দেয়ার সময় পিছিয়েছে। সর্বশেষ লন্ডনে আইসিসির সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানতে পেরেছেন, আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে আসতে পারে আকসু রিপোর্ট। তার আগে বিদেশে ও ঢাকায় আরও কিছু জিজ্ঞাসাবাদ হবে। তারই অংশ হিসেবে আবার ঢাকায় আসছে আকসু প্রতিনিধি দল। এই সফরে ঠিক কাদের, কখন, কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে; বিসিবি সে ব্যাপারে কিছুই জানে না বলে জানা গেল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র এটুকু নিশ্চিত করেছে যে, এক বা একাধিক বিপিএল মালিককে জিজ্ঞাসাবাদ করা হবে আগামী সপ্তাহের এই সফরে।
