মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক নারী আহত হয়েছেন। গত শনিবার তারাবির নামাজ চলাকালীন উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন হেকিম সাহেবের বাড়িতে এই ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন জানান, শনিবার তারাবির নামাজ চলাকালীন দুর্বৃত্তরা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহ-সভাপতি আরিফুর রহমান আরিফের বাড়িতে হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ও তাদের একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। একই সময় দুর্গাপুর বাজার কমিটির সচিব জাহেদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান দুর্গাপুর মেটাল ইন্ডাস্ট্রিজে, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মুসলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মাসুক ও রানার বাড়িতে হামলা চালায়।
