আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আগামী ১৫ মে বুধবার দেশে ফিরবেন। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে আগামী বুধবার সন্ধ্যায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করবেন। এদিকে গতকাল রবিবার সিঙ্গাপুর সময় সকাল ১০টা ২০ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের টেলিফোনে কথা বলে তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান ওয়ালিদ।
গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ছাড়পত্র পান। এক মাস পর হাসপাতাল ছাড়লেও চিকিত্সকরা ‘চেকআপের জন্য’ আরো কিছুদিন তাকে সিঙ্গাপুরে থাকার পরামর্শ দেন। বর্তমানে একটি বাসা ভাড়া করে সিঙ্গাপুরে রয়েছেন ওবায়দুল কাদের। তার সঙ্গে স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরও রয়েছেন। কয়েকদিন চিকিত্সার পর অবস্থার উন্নতি হলে গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি হয়। ছয়দিন পর তাকে আইসিইউ থেকে স্থানান্তর করা হয় কেবিনে।
