আসন্ন নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে জেলা শহর মাইজদীতে ফুটপাতের দোকানপাট ও যানবাহনে হামলা চলিয়ে ভাঙচুর চালায়। রবিবার বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টর সমর্থকদের হামলায় অন্তত ৫ জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ শর্টগান থেকে ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের সিদ্ধান্তের বিষয়ে বৈঠক হয়। বৈঠকে তৃণমূল নেতাকর্মীমের মতামতের ভিত্তিতে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক একেএম সামছুদ্দিন জেহানের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। এতে দলীয় ভাবে জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের নাম না রাখায় তার সমর্থকরা এ সময় বিক্ষুব্ধ হয়ে শহরের প্রধান সড়কের কমপক্ষে ৩০-৪০টি দোকানপাট ও বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়।
সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
