‘বায়ু দূষণে হার্ট এ্যাটাক হতে পারে’

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১৫
বায়ু দূষণ দুর্বল হূদযন্ত্রের অধিকারীদের জন্য ক্ষতির কারণ তো বটেই, এমনকি তাদের প্রাণহানিও ঘটায় বলে একটি আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞদের দাবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতিবছর ব্রিটেনের হাজার হাজার অধিবাসী এই কারণে মারা যান। ল্যানচেটের এই গবেষণা কাজের তহবিল দাতা প্রতিষ্ঠান দ্য ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, যুক্তরাজ্যকে অবশ্যই তার বায়ু পরিশোধন করতে হবে। কারণ দেশটির অনেক শহরে বায়ু দূষণের মাত্রা ইউরোপীয় ইউনিয়ন নির্ধারিত নিরাপদ মাত্রা প্রায়ই অতিক্রম করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। ১৫টি অঞ্চলে বায়ুর গুণগতমান ২০২০ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সীমা লঙ্ঘন করবে বলে সরকার ইতিমধ্যে স্বীকার করেছে। কিন্তু ডেফরা বলেছে, তারা বায়ুর গুণগতমানের উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাজ্যর অধিকাংশ এলাকা সমস্ত দূষণকারীর জন্য ইইউর বেঁধে দেয়া সীমানার মধ্যে রয়েছে। যানবাহনের ধোঁয়া থেকে মূলত সৃষ্ট বায়ু দূষণকে এর আগে হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত মনে করা হলেও হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে বলা হয়নি।