দুর্যোগের মেঘ কাটতে না কাটতেই ফের বৃষ্টি উত্তরাখণ্ডে। একটানা বৃষ্টিতে বুধবার ভোরে ভেঙে পড়ল বাড়ির ছাদ। ঘুমের মধ্যে মারা গেলেন এক পরিবারের সাতজন। চামোলির অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার জানিয়েছেন, এদিন ভোর সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে ধিকাউনা গ্রামে। ভারি বৃষ্টিতে পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে এসে বাড়িটির উপর পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে তিনটি শিশু ও দু’জন মহিলা রয়েছেন। বাকি দু’জনকে খোঁজার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পৌঁছেছেন চামোলির জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা। অন্য একটি ঘটনায়, রাস্তা সারানোর যন্ত্র খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে চারজনের। সোমবার গতবারের দ্বারিখাল ডেভলপমেন্ট ব্লকে কাজ করছিল যন্ত্রটি। সেটি খাদে পড়ে গেলে তার চালকসহ চারজনের মৃত্যু হয়। আহত একজনের চিকিত্সা চলছে হাসপাতালে।
-খবর আনন্দবাজার পত্রিকার।
