চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:১৭
বিশ্বব্যাপী ইন্টারনেট ও ফোনে যুক্তরাষ্ট্রের আঁঁড়িপাতার গোপন শীর্ষ গোয়েন্দা কর্মসূচী ফাঁসের খবরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান সাইবার নিরাপত্তা আলোচনার খবর চাপা পড়ে গেছে। তবে এ আলোচনা ভালোই এগোচ্ছে এবং উভয়পক্ষ পরস্পরকে সহ-যোগিতার ব্যাপারে সম্মত হয়েছে। বুধবার এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলতি সপ্তাহে চলমান শীর্ষ পর্যায়ের বৈঠকের মধ্যে সাইবার নিরাপত্তা অন্যতম আলোচনার বিষয়। সামপ্রতিক সময়ে উভয় রাষ্ট্রই উভয়ের বিরুদ্ধে একের পর এক হ্যাকিংয়ের অভিযোগ তুলে পরস্পরকে অভিযুক্ত করে। যুক্তরাষ্ট্রের আঁঁড়িপাতার গোয়েন্দা কর্মসূচী ফাঁস করে এডওয়ার্ড স্নোডেন চীনের কিছুটা সুবিধা করে দিয়েছেন। নিজেদের ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলো ও গবেষণাগার থেকে তথ্য চুরির দায়ে চীনা হ্যাকারদের এতদিন অভিযুক্ত করে আসছিলো যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধেই খোদ যুক্তরাষ্ট্রের নাগরিক কর্তৃক এমন অভিযোগ ওঠায় পাল্টা অভিযোগের শক্ত ভিত্তি পেয়ে গেছে চীন। বিপরীতে যুক্তরাষ্ট্র আছে বেকায়দায়। তবে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, আলোচনায় অগ্রগতি হয়েছে। কৌশলগত নিরাপত্তা নিয়ে সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী আলোচনার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা চলছিল। সিনহুয়া জানিয়েছে, দুপক্ষের আলোচনায় সাইবার নিরাপত্তা, দ্বিপাক্ষিক সাইবার ওয়ার্কিং গ্রুপ গঠনের কৌশলসহ আন্তর্জাতিক সাইবার আইন ও সাইবার সহযোগিতা নিয়ে দুপক্ষ খোলাখুলি আলোচনা করেছে। দুপক্ষের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে ও অবিশ্বাস কমিয়ে আনতে, বিতর্কিত বিষয়গুলো মেটাতে ও সহযোগিতা সমপ্রসারণ করতে একসঙ্গে কাজ করার জন্য দুপক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।