নতুন ম্যানেজার ডেভিড ময়েজের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের এশিয়া সফরের শুরুতে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে এসে পৌঁছালে শত শত উত্ফুল্ল সমর্থক দলটিকে স্বাগত জানায়। আগামীকাল শনিবার ব্যাংককে থাই অলস্টার একাদশের সাথে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
এ ম্যাচটির মধ্য দিয়ে ৩৮ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন শেষে সরে দাঁড়ানো স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরাধীকারী হিসেবে ময়েস প্রথমবারের মতো দলটির হাল ধরবেন।
সহাস্যোজ্জ্বল ময়েস থাই রীতিতে সামনে ঝুকে সমর্থকদের প্রত্যুত্তর দেন। দলটি গতকাল সকালে ব্যক্তিগত বিমানে চড়ে ব্যাংককের ডন মুয়েঙ্গ বিমান বন্দরে এসে নামেন। এরপর ‘ইউনাইটেড ইন থাইল্যান্ড’ লেখা একটি বিশাল বাসে চড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি শহরের কেন্দ্রস্থলের এক হোটেলে যায়। হোটেলেও দলটিকে স্বাগত জানায় বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকা সমর্থকরা।
ময়েস ও ইউনাইটেড তারকা রায়ান গিগস ব্যাংককের সিরিরাজ হাসপাতালে গেলে সেখানেও দর্শকদের হুড়োহুড়ি লাগে। দুজনে বিশাল এক ফুলের তোড়া নিয়ে হাসপাতালটিতে যান অসুুস্থ রাজা ও রাণীর প্রতি সম্মান জানাতে।
ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েন রুনি দলসঙ্গীদের সাথে এ সফরে এলেও মাথা নিচু করে হেঁটে যান এবং গণমাধ্যম কর্মীদের সাথে কোন কথা বলেননি। তার ভবিষ্যত্ নিয়ে ইংল্যান্ডের গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
এশিয়া এ বছর ইউরোপীয় ক্লাবগুলোর ব্যাপক সফর অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার ইউনাইটেড সবার আগে মহাদেশটিতে এসে পৌঁছালো। এরপর তাদের অনুসরণ করে চেলসিও ব্যাংককে আগামী সপ্তাহে ম্যাচ খেলবে। শুধু এ দুটি দলই নয়, এশিয়া সফরে আসবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সুপারস্পোর্ট।
