চট্টগ্রামে সহপাঠী হত্যার দায়ে তিন কিশোরের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২১:৫৯
সহপাঠীকে হত্যার দায়ে চট্টগ্রামে তিন কিশোরের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত আসামিদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। গত বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. গোলাম সরওয়ার এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলো পারভেজ হোসেন (১৬), শুভ চৌধুরী (১৬) এবং ফরহাদ হোসেন (১৬)। রায় ঘোষণার সময় আসামি পারভেজ ও ফরহাদ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণ?ার পর তাদের কারাগারে পাঠানো হয়। আসামি শুভ চৌধুরী জামিনে গিয়ে পলাতক আছে বলে আদালত সূত্রে জানা গেছে। আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৯ মে নগরীর পাহাড়তলি থানাধীন মোস্তফা হাকিম সিটি কর্পোরেশন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খন্দকার হূদয় (১৩) তার সহপাঠীদের নিয়ে নিকটবর্তী সমুদ্র সৈকতে বেড়াতে যায়। এসময় হূদয়ের কাছে একটি এমপি থ্রি প্লেয়ার ছিল। বন্ধুরা সেটি চাইলে হূদয় তা দিতে অস্বীকার করে। এ নিয়ে বন্ধুদের সাথে ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে তারা তাকে নির্মমভাবে গলাটিপে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়। এ ঘটনার দু’দিন পর ১১ মে পুলিশ কাট্টলি বেড়িবাঁধ এলাকায় সাগরে ভাসমান অবস্থায় হূদয়ের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ২৭ দিন পর ৭ জুন পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তিনজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।