কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চিকিত্সকসহ তিনজন নিহত

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২৮
কুমিল্লায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিত্সক ও ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে কুমিল্লা-লাকসাম সড়কের সদর দক্ষিণ উপজেলার হরিশ্বর নামক স্থানে ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের শেষ বর্ষের ছাত্র ও মোটর সাইকেল চালক আবু আব্দুল্লাহ আসলাম (২৪) নিহত হন। তিনি মহানগরের চর্থা বড় পুকুরপাড় এলাকার রাজ্জাক মিয়ার পুত্র। এ সময় অপর দুই মোটর সাইকেল আরোহী আহত হয়। গুরুতর আহত লাকসাম জংশন এলাকার ডা. আতিকুর রহমান সুমন (২৬) কুমিল্লা মুন হাসপাতালে ও চর্থা বড় পুকুরপাড় এলাকার ঠিকাদার জনি (২২) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যায়। লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও মোটর সাইকেল আটক করা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। বরিশালে দুইচালক নিহত বরিশাল অফিস জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কলেজ শিক্ষকসহ আরো দুজন। গতকাল নগরীর কাশিপুর এবং উজিরপুরের বামরাইল এলাকায় সংঘটিত এসব দুর্ঘটনায় নিহতরা হলেন—হিজলা উপজেলার কাউরিয়া বন্দরের বাসিন্দা টেম্পু চালক মামুন মিয়া (৪০) ও নগরীর উপকণ্ঠ গড়িয়ারপাড় এলাকার বাসিন্দা বাসচালক নূরুল ইসলাম (৩৮)। আহত মাহেন্দ্র যাত্রী কলেজ শিক্ষক মজিবুল হক (৪০) ও মো. ইমরানকে (৩০) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর সমবায় অফিসের সামনে ট্রাফিক পুলিশ চেক পোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছিল। মাহেন্দ্র চালক মামুন পুলিশের সংকেত পেয়ে দাঁড়ানো মাত্র পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে চালক মামুনসহ তিনজন আহত হয়। তাত্ক্ষণিক তাদের উদ্ধার করে শেবাচিম হাপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় চালক মামুনের মৃত্যু হয়। এদিকে উজিরপুরের বামরাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাসচালক নূরুল ইসলামের আত্মীয় রাহাত ইসলাম জানান, নূরুল ইসলাম সোনারতরী বাসের চালক ছিলেন।