তুষারপাতে আটকে অনাহারে মারা গেল ৩০০ ইয়াক

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:৫২

চীনের সঙ্গে ভারতের সীমান্তের কাছে তুষারপাতে আটকে পড়ে না খেয়ে মারা গেছে অন্তত ৩০০ ইয়াক। ভারতের সরকারি কর্মকর্তা রাজ যাদব বলেন, শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মরদেহগুলো খুঁজে পান তারা। গত ডিসেম্বর থেকে আটকে ছিলো ইয়াক বা চমরি গাইগুলো। কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে খাবার দেয়ার চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে তাদেরকে সরে আসতে হয়। হাজার হাজার বছর ধরে ওই এলাকায় বাস করছে চমরি গাই। দুধ ও মাংসের চাহিদা পূরণ ছাড়াও মালামাল বহনের কাজে ব্যবহার করা হয় এগুলো। ৫দিন আগে ওই এলাকায় যাওয়ার সরু রাস্তাগুলো পরিষ্কার করা হয়। পরে আমাদের একটি দল সেখানে গিয়ে এ করুণ অবস্থার খোঁজ পায়, বলেন যাদব। রাজ্যটির উত্তরে মুকুথাং উপত্যকায় গিয়ে মৃত ইয়াকগুলো পায় কর্তৃপক্ষ। যদিও প্রতিবছরই ১০ থেকে ১৫টি ইয়াক মারা যায়, তবে এ বছর সংখ্যাটি রেকর্ডকৃত অন্য যেকোন বছরের চেয়ে বেশি। -বিবিসি