আহসানুল্লাহ মাস্টারের ছোট ছেলে সোহেলের ইন্তেকাল

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:১৭
গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে ও গাজীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের ছোট ভাই জাবিদ আহসান সোহেল (৩৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, তার মৃতদেহ গতকাল রাতে ঢাকায় পৌঁছাতে পারে। সোহেলকে চিকিত্সার জন্য গত ২২ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয়। উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের দুই ছেলে। বড় ছেলে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। ছোট ছেলে জাবিদ আহসান সোহেল বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করেছেন। মৃত্যুকালে সোহেল মা, বড় ভাই, স্ত্রী সাদিয়া আহসান জাবিদ সীমা ও একমাত্র তিন বছরের সন্তান জাবিদ আহসান সারাসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টারের ছেলে সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় গতকাল তিনি মরহুমের আত্মার চির শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। অন্যদিকে তার অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় গতকাল তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেছে।