চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে সরকারকে নোটিস

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২৩:২৮
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের জন্য সরকারকে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে কোটা প্রথা বাতিলের দাবি জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়। গতকাল বৃহস্পতিবার ডাকযোগে শিক্ষামন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, সংস্থাপন সচিব ও পিএসসির চেয়ারম্যানের কাছে এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুঁইয়া। নোটিসে বলা হয়েছে, সংবিধানের কোথাও সরকারি চাকরি ক্ষেত্রে বৈষম্যের সুযোগ নেই। কোটা প্রথার ফলে দেশের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও সঠিক মূল্যায়ন না হওয়ায় রাষ্ট্রের প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও মেধাবীরা নিয়োগ পাচ্ছেন না। নোটিসে আরো বলা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও অনেকের চাকরি হয় না কেবল কোটা প্রথার কারণে। এর ফলে দেশ আস্তে আস্তে মেধাশূন্য হয়ে পড়ছে। অচিরেই এ অবস্থার অবসান হওয়া দরকার।