নতুন কোচের অধীনে সুদিনের অপেক্ষায় কাকা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:২১
কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে রিয়াল মাদ্রিদে ভাল সময়ের দেখা পেতে পারেন ব্রাজিলের প্লে মেকার কাকা। ইতালিয়ান কোচটি স্পেনের এই ক্লাবে যোগ দেয়ার পর তেমনটাই আভাস দিয়েছেন। কাকার ব্যাপারে তিনি অবশ্য কোন তাড়াহুড়া করতে চান না। রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের সাথে আলোচনায় পিএসজি ছেড়ে আসা এই কোচ জানতে চেয়েছিলেন ব্রাজিলীয়টি কেন তার মিলানের দিনগুলোর উচ্চতায় পৌঁছাতে পারছেন না। তার এমন সহানুভূতির কারণ এসি মিলানে অ্যানচেলোত্তির অধীনে কাকা ছিলেন খুবই সফল। রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের সাথে আলোচনার পর অ্যানচেলোত্তির ধারণা জন্মেছে যে কিছুটা ইনজুরি দুর্ভাগ্য এবং বাকিটায় কোচ হোসে মরিনহোর দিক থেকে উপেক্ষা মিলিয়েই বর্তমান পরিস্থিতিতে পড়েছেন এক সময়ে ব্রাজিল দলের নিয়মিত এই খেলোয়াড়। তবে তিনি এটাও জানতে চেয়েছিলেন কাকা নিজে কোন ঝামেলা বাঁধিয়েছিলেন কিনা। রিয়ালকে নতুন পথে চালিত করতে যাওয়া কোচটি অবশ্য তার পুরনো চেনা খেলোয়াড়টির সপক্ষেই বক্তব্য পান। মরিনহোর অধীনে গেল মৌসুমে ৩১ বছর বয়সী কাকা কেবল ১৯টি খেলায় সুযোগ পেয়েছিলেন। এ খেলায় তিনি গোল করেন তিনটি এবং সাহায্য করেন অপর চার গোলে। দলে অনিয়মিত হয়ে পড়ায় ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারিও তাকে কনফেডারেশন কাপের জন্য ডাকেননি। ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন ব্রাজিলীয়টি বরং পেশাদারিত্বের আদর্শ উদাহরণ। কেননা সাম্প্রতিক বছরগুলোয় বেঞ্চে বসে থেকেও তিনি কখনো নিজের দুর্গতি নিয়ে একবারের জন্যও কোন টুঁ শব্দটি পর্যন্ত করেননি। বরং ফর্ম ফিরে পেতে জোর চেষ্টা চালিয়ে গেছেন এবং নিয়মিত দলে বিরল সুযোগ পেয়েও সব সময়ে আনকোরা তরুণদের উচ্ছ্বাসে খেলে গেছেন। স্পেনের মার্কাডটকম আরো জানায়, কর্তাদের কাছ থেকে এসব তথ্য পেয়ে নতুন কোচ কাকার ব্যাপারে মুগ্ধ হন। অ্যানচেলোত্তির ধারণা জন্মায় কাকাকে উদ্ধুদ্ধ করা গেলে দলের জন্য অনেক অবদান রাখতে পারবেন। বিশেষ করে যখন সাজঘরে তার ভাল প্রভাব আছে এবং খেলোয়াড়টির জয়ের স্পৃহা কমেনি এখনো। তাই অ্যানচেলোত্তি মাদ্রিদের ক্লাবটিতে যোগদানের পর ছুটিতে যাওয়ার আগে কর্তৃপক্ষকে জানিয়ে দেন তিনি চান কাকা থাকুক। তিনি তাকে নতুন সুযোগ দেবেন। শুধু তাই নয় ইউরোপের অন্যতম সেরা এই কোচ মনে করছেন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখে ফরোয়ার্ডটি তাকে যারা বাতিলের খাতায় ফেলে দিয়েছিল তাদের ভুল প্রমাণিত করতে পারেন। উল্লেখ্য, ২০০১ সালে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা কাকা ২০০৯ সালে আসেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০০৩ সালে আসেন সিরি এ দল এই মিলানে। সেই দলের হয়ে ১৯৩ টি ম্যাচ খেলে ৭০ টি গোল করেন। গোল করার সাথে সাথে গোল করানোর দক্ষতাটাও ছিল চোখে লাগার মত। সেটাই ছিল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সময়।