ফিরে যাচ্ছেন ইনজুরির কবলে পড়া রুনি

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২০:২১
কোচ ডেভিড ময়েস জানিয়েছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে স্ট্রাইকার ওয়েন রুনির এশিয়া সফরে না থাকাটা ‘হতাশাজনক’। ধারণা করা হচ্ছে তিনি মাসখানেকের জন্য মাঠের বাইরে চলে গেলেন। ম্যানচেষ্টার ইউনাইটেডের নতুন কোচ ময়েস জানান তারা এশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময়ই জানতেন যে রুনির এ সমস্যা আছে। কিন্তু এরপরও তারা রুনিকে নিয়ে ঝুঁকি নিতে চেয়েছিলেন। এখন তিনি আশা করছেন খেলোয়াড়টি নতুন মৌসুমের শুরুতে ফিট হয়ে উঠবেন। রেড ডেভিলস নামে খ্যাত ম্যানচেষ্টার ইউনাইটেড ১৭ আগস্ট সোয়ানসির বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে তাদের প্রিমিয়ার লিগ শিরোপা রক্ষার কাজ শুরু করবে। এর আগে ১১ আগস্ট কমুনিটি শিল্ডে তাদের খেলা আছে উইগানের সাথে। ময়েস এমইউ টেলিভিশনকে বলেন,‘এটা হতাশাব্যঞ্জক। আমরা রওয়ানা হওয়ার আগে অনুশীলনের শেষে জানিয়েছিল তার হ্যামস্ট্রিংয়ে টান পড়ছে। আমরা ভেবেছিলাম এটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু দীর্ঘ ভ্রমণ যাত্রার পর আমরা তাকে পরখ করার সিদ্ধান্ত নিলাম এবং স্ক্যান করাই। এরপর সেখানে সামান্য ইনজুরি টের পাওয়া যায়।’ তিনি আরো বলেন,‘সে গতকাল কোন অনুশীলন করেনি। আমরাও তার ব্যাপারে কোন সুযোগ নিব না। তাই তাকে আর ঘোরানোর কোন মানে হয় না এবং সেজন্য আমরা তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি। সে অ্যায়ন অনুশীলন কমপ্লেক্সে শুশ্রূষা নেবে।’ ম্যানচেষ্টার ইউনাইটেড প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এশিয়া সফরের শুরুতে গত বৃহস্পতিবার থাইল্যান্ডে এসে পৌঁছায়। আজ শনিবার ব্যাংককে থাই অলস্টার একাদশের সাথে প্রদর্শনী ম্যাচ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।