উখিয়া সীমান্তে পাচার হচ্ছে ভোগ্যপণ্য

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৫
সীমান্ত সংলগ্ন উপজেলা শহর উখিয়া এখন চোরাচালানিদের দখলে । চিহ্নিত চোরাচালানি ছাড়াও রমজান ও ঈদকে সামনে রেখে মৌসুমী পাচারকারীর সংখ্যা হঠাত্ করে বেড়ে যাওয়ায় চোরাচালান প্রতিরোধে সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সীমান্তের জিরো পয়েন্টে মাত্র তিন কিলোমিটার ব্যবধানে উখিয়া সদরে নামকরা প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতি সপ্তাহে কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সীমান্তের বিজিবির চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে। পাচার করা পণ্যের তালিকা রয়েছে, পিঁয়াজ, সাবান, ভোজ্য ও জ্বালানি তেল, চিনি, চাল, ডাল থেকে শুরু করে যাবতীয় পণ্য সামগ্রী। বিনিময়ে মিয়ানমার থেকে আসছে মরণ নেশা ইয়াবা ও বোতলজাত মাদকদ্রব্য। রেজু আমতলী সীমান্তে বসবাসরত প্রতক্ষ্যদর্শী নুর আহাম্মদ, শফি আলমসহ একাধিক লোকজন জানান, প্রতি সন্ধ্যায় শতাধিক শ্রমিকের ২/৩টি বহর কন্টেইনার ও বস্তাবর্তী জ্বালানি ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পাচারের উদ্দেশ্যে সীমান্তে দিয়ে যাচ্ছে। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির সুবেদার নুরুল ইসলাম বলেন, উখিয়া-টেকনাফের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিপত্র দেখিয়ে প্রতি সপ্তাহে হাজার হাজার ব্যারেল জ্বালানি ও ভোজ্য তেল নিয়ে যাচ্ছে।