আগের দিন অ্যাস্টন অ্যাগারের স্বপ্নময় এক ইনিংসে ভর করে ইনভেস্টেক অ্যাশেজের প্রথম টেস্টে ম্যাচে ফিরে এসেছিল সফরকারী অস্ট্রেলিয়া। মূলত স্পিনার অ্যাগারের এমন ব্যাটিং পারফরম্যান্স কারও কারও কাছে ফ্লুক মনে হলেও গতকাল শুক্রবারের বোলিং পারফরম্যান্সটা মোটেও তেমন কিছু ছিল না। আর তৃতীয়দিন চা বিরতির আগ পর্যন্ত দুই উইকেট নিয়ে এই অ্যাগারই এখন অজি দলের সবচেয়ে বড় তুরুপের তাস।
গতকাল শুক্রবারও এই অ্যাগারের এক উইকেটেই আবারও ম্যাচে ফিরে আসে অজিরা। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে চা বিরতিতে যাওয়ার আগে লড়াইয়ে টিকে আছে দু’দলই।
আগের দিনে দুই উইকেটে ৮০ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশনেই মূল দুই ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে স্বাগতিক ইংল্যান্ড। ৬৪ রান করে জেমস প্যাটিনসনের বলে বোল্ড হয়ে যান কেভিন পিটারসেন। আর অধিনায়ক অ্যালিস্টার কুক অভিষিক্ত অ্যাস্টন অ্যাগারের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।
১২১ ও ১৩১ রানের মাথায় পিটারসেন ও কুকের উইকেটের পতন ঘটলে বেশ বিপাকেই পড়ে যায় ইংলিশরা। ১৭৪ রানের মাথায় ১৫ রান করে অ্যাগারের দ্বিতীয় শিকারে পরিণত হন জনি বেয়ারস্টো। ২১৮ রানের মাথায় আউট হয়ে যান ৩১ রান করা উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাট প্রাওর। তবে, এর মাঝেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছেন ইয়ান বেল।
তৃতীয় দিনে চা বিরতিতে ইংল্যান্ডের দলীয় স্কোর ছয় উইকেটে ২৩০ রান। ক্রিজে ৫৬ রান করে আছেন ইয়ান বেল। ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে তার সঙ্গী স্টুয়ার্ট ব্রড (১*)। অ্যাগারের দুটি উইকেট ছাড়াও তিনটি উইকেট পেয়েছেন পেসার জেমস প্যাটিনসন।
এর অর্থ দাঁড়ালো চার উইকেট হাতে রেখে ট্রেন্টব্রিজ টেস্টের তৃতীয় দিনে ১৬৫ রানে এগিয়ে আছে অ্যালিস্টার কুকের দল। আর ১০০ রানের লিড নিয়ে নিতে পারলেই সফরকারীদের সামনে শক্ত এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে স্বাগতিকরা।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ২১৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮০ রান তোলে অস্ট্রেলিয়া।
