এবার চেলসি মালিকের দৃস্টি একাডেমিতে

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:১৭
চেলসির মূল দলে যুব একাডেমির খেলোয়াড়দের আরো বেশি প্রতিনিধিত্ব চান ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। সম্প্রতি চেলসি যুব একাডেমিতে বড় ধরনের শৃঙ্খলা ভঙ্গের ঘটনার পর আব্রামোভিচ একথা বললেন। মাত্র দিন দুয়েক আগেই প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির নবনিযুক্ত কোচ ম্যানুয়েল পেলগ্রিনি তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, সিটিতে তার মূল লক্ষ্য থাকবে দলের তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা। এবার তার সঙ্গে সুর মেলালেন আরেক বড় ক্লাব চেলসির রুশ মালিক আব্রামোভিচও। আব্রামোভিচও চাইছেন ক্লাবের ইয়ুথ একাডেমি থেকে আরো বেশি সংখ্যক খেলোয়াড় উঠে আসুক মূল দলে। এ কারণেই একাডেমিতে আরো বেশি উন্নতি চাইছেন তিনি। চেলসির মালিকানা কিনে নেয়ার পর সেই ২০০১ সালে আব্রামোভিচ যে দুজন খেলোয়াড়কে দলে টেনেছিলেন সেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং জন টেরিই এখনো দলের মূল খেলোয়াড় হয়ে আছেন। আব্রামোভিচের আশঙ্কা এই্ দুজন চলে যাওয়া পর চেলসি তার একাডেমিতে এমন একজনও খেলোয়াড় খুঁজে পাবে না যে কিনা মূল দলকে নেতৃত্ব দিতে পারে। এই রুশ ধনকুবেরের আশঙ্কা অমূলকও নয়। কারণ, মাত্র দিন কতক আগেই চেলসি তাদের একাডেমির অন্যতম প্রতিশ্রুতিশীল খেলোয়াড় কনর হান্তেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ দলের এই খেলোয়াড়ের প্রতিভা নিয়ে কোন সন্দেহ না থাকলেও বড় ধরনের প্রশ্ন জেগেছিল তার আচরণ এবং শৃঙ্খলাপরায়ণতা নিয়ে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা একাডেমির আরেক খেলোয়াড় রায়ান বারট্রান্ডও এখনো পর্যন্ত মূল দলে নিয়মিত হতে পারেননি। এছাড়া গত বছরের মার্চে মিডফিল্ডার জ্যাকব মেলিস বহিষ্কার হয়েছিলেন একাডেমি মাঠে ধূম্র্র বোমা মারার কারণে। বোঝাই যাচ্ছে, প্রায় ১০ কোটি পাউন্ড খরচ করার পরও একাডেমি থেকে খুব বেশি সুফল পাচ্ছেন না চেলসি মালিক। যদিও চেলসির একাডেমি পরিচালক নেইল বাথ কোচ হিসেবে যথেষ্টই শ্রদ্ধার পাত্র। তাই বাথের সামর্থ্য নিয়ে আব্রামোভিচের সন্দেহ না থাকলেও একাডেমিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিকল্প দেখছেন না তিনি। আর আব্রামোভিচের এমন ধারণার কারণটা অনুমিতই। কারণ সেটা না পারলে নিজেদের হাতে গড়া কোন খেলোয়াড়ের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার যে স্বপ্ন তিনি দেখছেন সেটা হয়তো স্বপ্নই থেকে যাবে।