হকির নতুন কমিটির বিরোধিতার কথা আবারো জানালো ছয় ক্লাব

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:১৭
হকির চলমান বিবাদে মোহামেডানসহ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবের জোট গতকাল শুক্রবার এক বৈঠক শেষে জানিয়ে দিয়েছে খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন নতুন কমিটির উপর তাদের আস্থা নেই। এ জোটের অপর ক্লাবগুলো হলো অ্যাজাক্স, ঢাকা মেরিনার, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারি ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স। ক্লাব ছয়টির বৈঠক শেষে এক লিখিত বিবৃতিতে বলা হয়-‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশ হকি ফেডারেশনের তথাকথিত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহসহ কতিপয় কর্মকর্তার বরাতে গণমাধ্যমে হকি এবং নির্বাচন বয়কটকারী ক্লাবগুলোকে নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশিত হচ্ছে। এমতাবস্থায় আমরা হকি সংশ্লিষ্ট সকলকে আবারও অবহিত করছি যে, ফেডারেশনের বর্তমান অবৈধ ও বিতর্কিত কমিটির অধীনে যে কোন ধরনের হকি কার্যক্রম থেকে বিরত থাকার পূর্বের সিদ্ধান্তে প্রিমিয়ার হকি লীগের ছয়টি ক্লাব অটুট রয়েছে।’ ক্লাবগুলো এমন সময়ে তাদের অবস্থান জানান দিল যখন নতুন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর নেতৃত্বাধীন কমিটির আজ দায়িত্ব নেয়ার কথা। কিন্তু এরকম পরিস্থিতিতে নতুন কমিটির পক্ষে ক্লাবগুলোর বিরোধিতার মুখে প্রিমিয়ার লিগের দলবদল আয়োজন কঠিন হয়ে পড়বে। বিঘ্নিত হতে পারে এশিয়া কাপে অংশগ্রহণও।