শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে ইউনিল্যান্স গার্মেন্টসে গতকাল শুক্রবার পোশাক শ্রমিকরা ভাংচুর ও বিক্ষোভ করেছে। তাদের জোরপূর্বক অতিরিক্ত সময় নাইট ডিউটি করানো, ইনকাম ট্যাক্সের কথা বলে মাসিক বেতন থেকে পাঁচশ টাকা কর্তন, নারী পোশাক শ্রমিকদের উত্ত্যক্ত করার প্রতিবাদে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ পোশাক শ্রমিকদের শান্ত করে।
বিক্ষোভকারী পোশাক শ্রমিক জব্বার, রহিম, রেশমা, আসাদ, মিয়ার উদ্দিনসহ কয়েকজন জানান, পোশাক কারখানার ম্যানেজার বাবুল মিয়া জোরপূর্বক শ্রমিকদের সঙ্গে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে গত দুই মাস আগে থেকে তারা প্রতিবাদ জানিয়ে আসছে। অবশ্য তাদের এ প্রতিবাদের কথা পোশাক কারখানার মালিক অবগত নয়। সংক্ষুব্ধ পোশাক শ্রমিকরা গতকাল সকালে কারখানায় না ঢুকে পরিচয়পত্র ফিরিয়ে দেয়াসহ বিভিন্ন অনিয়ম বন্ধের প্রতিবাদে কারখানা ভবনে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপসহ গ্লাস ভাংচুর করে। পোশাক কারখানার জেনারেল ম্যানেজার (উত্পাদন) বাবুল মিয়া বলেন, তুচ্ছ ঘটনায় কারখানা ভবনের নিরাপত্তা কর্মীদের কক্ষ ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা। তবে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে বিষয়টি মীমাংসা হয়েছে।
