ত্রুটিপূর্ণ ১৬৫ তেলবাহী বগি কাজে আসছে না রেলওয়ের

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:৪১
সদ্য আমদানিকৃত ১৬৫টি তেলবাহী বগি ত্রুটি থাকার কারণে কোন কাজে লাগাতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। ত্রুটিপূর্ণ এসব বগিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃপক্ষ জ্বালানি তেল সরবরাহ নিতে অনিহা প্রকাশ করেছেন। এতে ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত রেলওয়ের বগিগুলো কোনই কাজে আসছে না। এতে করে রেল কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিপিসির পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপো ইনচার্জ শাহাজাহান হাওলাদার জানান, গত ১৭ জুন খুলনায় বিএসটিআই, বিপিসি ও রেলওয়ে কর্তৃপক্ষের উপস্থিতিতে ভারত থেকে সদ্য আমদানিকৃত তেলবাহী চারটি বগির ক্যালিভিশন মাপানো হয়েছে। তিনি জানান, ৫০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন এসব বগির ক্যালিভিশন বা তেল পরিমাপক যন্ত্র ত্রুটি পূর্ণ এবং সুইপিং করা যায়নি। সদ্য আমদানিকৃত এসব বগিগুলোর ডেলিভারী পাইপ (রেডিয়েসার) ৮ ইঞ্চি। অপরদিকে বিপিসির ডেলিভারী পাইপ ৩ ইঞ্চি। এ কারণেও তেল লোড ও আনলোড করতে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে ডিপো ইনচার্জ আরো বলেন, সমস্যার কথাগুলো লিখিতভাবে বিপিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে সুইপিং করা সম্ভব না হওয়ায় ডিজেল, পেট্রোল, ফার্নেস ওয়েল অথবা কেরোসিন ভর্তি বগিগুলো আনলোড করার পর প্রতিটি বগিতে তেল থেকে যাচ্ছে।