চবিতে কোটা পদ্ধতি সংস্কার দাবিতে মিছিল সমাবেশ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৩৯
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রবিবার ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দেয়। শনিবার সকালে ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সে সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং সহিংস আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান। সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কাটা পাহাড় রাস্তা হয়ে প্রশাসনিক ভবন ও সমাজ বিজ্ঞান ভবন ঘুরে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে শহীদ মিনারে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার, সরকারি চাকরিতে যোগদানের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার দাবি জানান।