এবারের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে প্রথম পাঁচ ম্যাচে বোলিংটা একেবারে খারাপ না করলেও ব্যাটিংয়ে মোটেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু অবশেষে গতকালের (শুক্রবার) ম্যাচে ব্যাটে-বলে একসাথে জ্বলে উঠেছিলেন সাকিব। তার সাথে জ্বলে উঠলেন জশুয়া কব। আর এই দুজনের অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে নটিংহ্যামশায়ারকে ৭ উইকেটে হারিয়েছে সাকিবের দল লিস্টারশায়ার।
বোলিংয়ে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২১ বলে ৪৩ রানের সৌজন্যে চলমান ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাট ও বলে এক সাথে জ্বলে উঠলেন সাকিব আল হাসান।
নিজেদের মাঠে টসে জিতে নটিংহ্যামশায়ারকে ব্যাটিংয়ে পাঠায় লিস্টার। অ্যালেক্স হেল এবং ল্যাম্বের ব্যাটে চড়ে ভাল শুরু পায় নটিংহ্যামশায়ার। কিন্তু বোলিংয়ে এসেই নটিংহ্যামশায়ারের রানের লাগাম টেনে ধরেন সাকিব। প্রথম ওভারে ১ রান দিয়ে তুলে নেন হেলের উইকেট। প্রথম ১০ ওভারে ৮৯ রান তুললেও সাকিব, শিভ ঠাকুর এবং কবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে মাত্র ৬৯ রান তুলতে পারে নটিংহ্যামশায়ারের ব্যাটাররা। সাকিব ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট পান। ঠাকুর ৩০ রানে ৩টি এবং কব ২০ রানে ১টি উইকেট পান। নটিংহ্যামশায়ারের পক্ষে সামিট প্যাটেল সর্বোচ্চ ৫০ (৩২ বল) রান করেন।
জবাব দিতে নেবে শুরুতেই স্মিথের উইকেট হারালেও কব এবং বার্নস শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন। তারা ৫৬ রানের জুটি গড়েন। এরপর বার্নস এবং নেইল ও’ব্রায়ান দ্রুতই আউট হয়ে গেলে ক্রিজে আসেন সাকিব। কবের সাথে ৬৭ রানের জুটি গড়ে ১৪ বল বাকি থাকতেই লিস্টারকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। ৩ চার এবং ৩ ছয়ের সমন্বয়ে ২১ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন সাকিব। অপরদিকে ওপেনার কবও ৫২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হন এই ইংলিশ ব্যাটসম্যান।
ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগামী ২৩ জুলাই পরবর্তী ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল লিস্টারশায়ার।
