দিনের খেলা যখন মাঠে গড়ায় স্বাগতিক ইংল্যান্ডের স্কোর তখন ছয় উইকেটে ৩২৬ রান। ক্রিজে আছেন দুই সেট ব্যাটসম্যান ইয়ান বেল ও স্টুয়ার্ট ব্রড। এই অবস্থা থেকে হয়তো অ্যালিস্টার কুক বড় একটা লিড নেয়ার স্বপ্নই দেখছিলেন। কিন্তু তার সে আশা সফল হল না। বলা ভাল, সফল হতে দিলেন না প্রথম ইনিংসের নায়ক পিটার সিডল। তার তিন উইকেটেই ৩৭৫ রানের মধ্যে অলআউট হয়ে যায় ইংলিশ দল। ফলে অস্ট্রেয়িলানদের অ্যাশেজের প্রথম টেস্ট জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩১১ রান। আর চতুর্থ দিনে চা বিরতি পর্যন্ত দলটির দুই উইকেটে ১১১ রান বুঝিয়ে দিচ্ছে বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছে তারা।
সপ্তম উইকেটে ইয়ান বেল আর স্টুয়ার্ট ব্র্রডের ১৩৮ রানের জুটিটা হয়তো আরো বড় সংগ্রহেরই স্বপ্ন দেখাচ্ছিল স্বাগতিকদের। কিন্তু গতকাল ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থ দিনে খুব বেশি সময় ব্যাটিং করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। গতকালের সঙ্গে আর ৪৯ রান যোগ করে অলআউট ইংল্যান্ড। তারপরও অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি জয়ের জন্য ৩১১ রানের লক্ষ্যটাও খুব একটা সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছে বিনা উইকেটে ২৮ রান।
৯৫ রান নিয়ে চতুর্থদিন শুরু করেছিলেন বেল। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিতে কোনো ভুল করেননি এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি। মিচেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ১০৯ রানের মাথায়। ইংল্যান্ডের সপ্তম উইকেটের লড়াকু জুটিটা অবশ্য ভেঙেছিল তারও আগে। দিনের অষ্টম ওভারেই স্টুয়ার্ট ব্রডকে আউট করে অস্ট্রেলিয়াকে ভালো সূচনা এনে দিয়েছিলেন প্যাটিনসন। মধ্যাহ্ন বিরতির সাত ওভার আগে ইংলিশ শিবিরে শেষ আঘাতটা হানেন পিটার সিডল। এক ওভারেই তুলে নেন গ্রায়েম সোয়ান আর জেমস অ্যান্ডারসনের উইকেট। ৩৭৫ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।
চতুর্থদিনের চা বিরতির আগ পর্যন্ত ওপেনার ক্রিস রজার্স ৫০ রান করে অপরাজিত আছেন। ৪৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হয়ে ফিরে গেছেন আরেক ওপেনার শেন ওয়াটসন। ১৪ রানে থাকা এড কাওয়ানকে আউট করেন জো রুট।
