কাজে গতি আনতে ফতুল্লায় বিসিবি পরিদর্শকরা

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৬
আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল প্রস্তাবিত ভেন্যুগুলো তো বটেই, বিকল্প ভেন্যুগুলোর প্রস্তুতিতেও এখন সর্বোচ্চ জোর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে গতকাল বিসিবির একটি প্রতিনিধি দল ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শন শেষে এই বিকল্প ভেন্যুর সংস্কার কাজের উন্নয়ন নিয়ে সন্তোষই প্রকাশ করলেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বিসিবির এই পরিদর্শক দলে প্রধান নির্বাহী ছাড়াও ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। আইসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম অনুযায়ীই প্রতিটি ভেন্যুর একটি বিকল্প থাকতে হয়। ফতুল্লা স্টেডিয়ামটি মূলত সিলেট স্টেডিয়ামের বিকল্প ভেন্যু হিসেবে আইসিসির কাছে মূল প্রস্তাবনায় রেখেছে বিসিবি। কিন্তু এখন ফতুল্লা এই কাগুজে বিকল্পের চেয়ে একটু বেশি গুরুত্বপূর্ণই হয়ে উঠেছে। সিলেট স্টেডিয়ামের নির্মাণ কাজ ধীর গতিতে চলায় আইসিসি পরিদর্শক দল অসন্তোষ প্রকাশ করার পর থেকে এই ভেন্যুটিকে আসলেই বিকল্প হিসেবে ভাবছে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই বলেছিলেন, কোনো কারণে সিলেট এবার সেপ্টেম্বরে আইসিসির পরিদর্শকদের সন্তুষ্ট করতে না পারলে ফতুল্লাই বিকল্প হিসেবে দেখানো হবে। আর সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর পরিদর্শক দল আসার আগে ফতুল্লাকেও পুরোপুরি প্রস্তুত রাখতে চায় বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী অবশ্য এই ‘প্লান-বি’ নিয়ে কথা বলতে খুব আগ্রহী নন। তিনি বলছেন, মূল পরিকল্পনাতেই বিকল্প ভেন্যু পুরোপুরি প্রস্তুত রাখা দরকার। তাই সেপ্টেম্বরের পরিদর্শনে আইসিসির দলকে সন্তুষ্ট রাখতে যতোটা প্রয়োজন কাজ করে ফেলাই তাদের উদ্দেশ্য, ‘যদিও কাজ এনএসসিই করছে। কিন্তু আইসিসি ঠিক কি কি হলে সেপ্টেম্বরের পরিদর্শনে সন্তুষ্ট হবে, সেটাই নিশ্চিত করতে আমরা সফরটা করেছি। এটা এখন আমরা সবগুলো ভেন্যুর ক্ষেত্রেই নিয়মিত করবো।’