তবুও বিশ্বকাপে ফেবারিট স্পেন!

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৭
কনফেডারেশন্স কাপের ফাইনালে হারের পরেও সেই ব্রাজিলে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য স্পেনকেই ফেবারিট মানছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। পুরো টুর্নামেন্টেই দারুণ খেলা সেলেচাওরা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য উপহার দিয়ে ৩-০ গোলে উড়িয়ে দেয় স্পেনকে। যদিও বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বলে পরিচিত কনফেডারেশন্স কাপে ফেভারিট ছিল স্পেনই। তবে যোগ্য দল হিসেবেই ব্রাজিল শিরোপা জিতেছে বলে মনে করছেন গার্দিওলা। ল্যান্সনেটকে দেয়া এক সাক্ষাত্কারে সাবেক বার্সেলোনা কোচ বলেন, ‘স্পেন যে ব্রাজিলের কাছে হেরে গেছে, এটা আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি। শারীরিকভাবে তারা আমাদের চেয়ে অনেকটা এগিয়ে ছিল। তবে আমার বিশ্বাস বিশ্বকাপের জন্য স্পেন এখনো ফেভারিট।’ ব্রাজিলের এই সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার দিন কতক আগেই যোগ দিয়েছেন গার্দিওলার সাবেক ক্লাব বার্সেলোনায়। লেভান্তের বিরুদ্ধে আগামী ১৮ অগাস্ট অভিষেকও হচ্ছে তার। তবে লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলাটা দু’জনের খেলায়ই নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন সম্ভাবনায় উচ্চকিত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন গার্দিওলার গুরু ইয়োহান ক্রুইফও। তবে এক্ষেত্রে গুরুর পথে হাঁটলেন না খেলোয়াড় এবং কোচ হিসেবে কাতালানদের দারুণ সব সাফল্য এনে দেয়া গার্দিওলা। তিনি বলেন, ‘বার্সেলোনায় সব সময়ই বিশ্বের সেরা কিছু খেলোয়াড় ছিল। কোন সন্দেহ নেই নেইমার এবং মেসিও এই সময়ের সেরা দু’জনেরই অন্তভুক্ত। আমি মেসিকে খুব ভাল করেই চিনি। খেলোয়াড় এবং মানুষ হিসেবে সে অসাধারণ। নেইমারের সঙ্গেও আমার দেখা হয়েছে এবং তাকেও দারুণ একজন মানুষ হিসেবেই আমার মনে হয়েছে। আমি নিশ্চিত একসাথে খেলতে তাদের কোন সমস্যাই হবে না।’