বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে বলেছেন, নিজেদের অবস্থান ধরে রাখা ও রাজনৈতিক স্রোতধারায় থাকতে বর্তমান সংসদ ভেঙে দেয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারের বিল পুনর্বহাল করুন। তত্ত্বাবধায়ক ইস্যুতে সমঝোতায় না এলে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে।
গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত ‘সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন ও জনগণের নাগরিক অধিকার’ শীর্ষক জাতীয় সেমিনারে মওদুদ একথা বলেন।
তিনি বলেন, সরকার কঠিন সংকটে আছে। তারা এখন যা করবে তাই তাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে। সরকারকে বলবো সমঝোতার পথে আসুন। সবাই মিলে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা করি। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে সরকার সন্ত্রাসবিরোধী আইন করেছে মন্তব্য করে তিনি বলেন, এটি সংবিধান ও গণবিরোধী এবং ফ্যাসিবাদী আইন।
সংগঠনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ তথ্য-গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।
