নড়াইলে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০০
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার নড়াইল-মাগুরা সড়কের ঘোড়াখালী এলাকায়। এ ঘটনার প্রতিবাদে রবিবার জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও নলদী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ ৩ জন একটি মোটর সাইকেল যোগে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ঘোড়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার যোগে ৩ জন তাদের ওপর গুলিবর্ষণ করলে চেয়ারম্যানসহ তার অপর সঙ্গীরা মোটর সাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতা নলদী ইউনিয়নের চেয়ারম্যান, তার সঙ্গী তোতা শেখ (৪০) ও হাসান (৪৫) আহত হয়। জাহাঙ্গীর মোল্যা (২৫) নামে একজন গুরুতর আহত হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত সন্ত্রাসী জাহাঙ্গীরকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল ও ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।