কোচের ভাবনাতেও মাশরাফি

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:০৬
খেলোয়াড় থেকে নির্বাচক; ক্যাম্প শুরুর প্রথম দিন থেকে সবার আলোচনায় ঘুরে ফিরেই আসছেন পেসার মাশরাফি বিন মুর্তোজা। ‘মাশরাফি ফিরছেন কবে?’ কিংবা ‘মাশরাফির অবস্থা এখন কেমন’; প্রায় রোজই সাংবাদিকদের এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে খেলোয়াড়, কর্মকর্তা ও নির্বাচকদের। গতকাল স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে এসে কোচ শেন জার্গেনসেনকেও এমন প্রশ্নের সামনে দাঁড়াতে হল। মাশরাফির সুস্থতা নিয়ে অস্ট্রেলিয়ান কোচ জানালেন নিজের সন্তুষ্টির কথা। তবে, শুধু মাশরাফি নয়; তাকে কথা বলতে হয়েছে পুরো দল নিয়েই। টেস্ট খেলেছেন সেই ২০০৯ সালে। আর সাত মাসের বেশি সময় ধরে ওয়ানডে ক্রিকেটও খেলেনি। তাই ‘নড়াইল এক্সপ্রেস’ কে নিয়ে চিন্তাটা মাথাচাড়া দিয়ে ওঠাটাই স্বাভাবিক। তবে, সেই দুশ্চিন্তার পরিমাণটা কিছুটা হলেও কমিয়ে দিলেন কোচ জার্গেনসেন, ‘তাকে যতোটুকু দেখলাম তাতে আমি বেশ সন্তুষ্ট। গত কয়েক বছর ধরেই আমি তার বোলিং নিয়ে কাজ করছি। আর দুর্ভাগ্যজনকভাবে সব সময়ই ইনজুরি সমস্যা দেখা যায়। তবে, এবার সে দ্রুতই সুস্থ হয়ে উঠছে।’ ছুটি শেষে শুক্রবার রাতে ফিরে গতকাল রবিবারই প্রথম জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন কোচ। নয় মাস জাতীয় দলের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করলেও এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলেন তিনি। বড় কোন রকম দুর্ঘটনা না ঘটলে এই দায়িত্ব পালন করবেন ২০১৫ সালের শেষ পর্যন্ত। দায়িত্ব নেয়ার পরেই জানালেন আরও ভাল খেলার লক্ষ্যের কথা, ‘সামনে আমরা আরও বেশি ক্রিকেট খেলবো; আর খেলায় উন্নতি করা ছাড়া আমাদের সামনে আর কোন রাস্তা নেই।’ মাশরাফির সুস্থতার সাথে সাথে আরেক পেসারের ইনজুরি নিয়ে এখন চিন্তিত বাংলাদেশ। কোচ জানালেন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন রবিউল ইসলাম। তবে, বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী জানালেন রবিউলের ইনজুরি গুরুতর নয়, ‘এটা খুব সামান্য একটা ইনজুরি। আশা করছি সাত থেকে দশ দিনের মধ্যে ফিরে আসবে।’ গত এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ে সফরের পর আর খেলার মাঝে নেই ক্রিকেটাররা। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। এর মাঝে দুই আগষ্ট বাংলাদেশ ‘এ’ দল নামে ইংল্যান্ড সফরে যাচ্ছে প্রায় জাতীয় দল। মাঝের এই বিরতিকে খুব গুরুত্ব দিচ্ছেন জার্গেনসেন, ‘ম্যাচ খেলার মধ্যে থাকাটা যেমন ভাল, ঠিক তেমনি বিরতিটাও দরকার। এর ফলে প্রত্যেককে নিয়ে আলাদা করে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। কোন সিরিজ চলাকালে এটা করা সম্ভব নয়। কে কোন ব্যাপারে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই সময়টাতে সেই ব্যাপারে ধারণা পাওয়া যায়।’