অ্যাশেজ থেকেও রোমাঞ্চকর ভারত-পাকিস্তান লড়াই!

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:১০
ভারত-পাকিস্তান ম্যাচ হলেই উত্তেজনায় ডুব দেয় পুরো ক্রিকেট বিশ্ব। ঠিক একইভাবে এ্যাশেজ সিরিজ নিয়ে উত্তাপটা অনেক বেশি থাকে ভক্তদের। কিন্তু কতটা? হিসাবের বিশে¬ষণটা আপাতত থাক। তবে ভারত-পাকিস্তান সিরিজের সাথে তুলনা হয় না অ্যাশেজের বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘অ্যাশেজের চাইতে ভারত-পাকিস্তান সিরিজের গুরুত্ব অনেক বেশি।’ ১৯৫২ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। আর ঐ যুগ থেকেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকতো ভক্তরা। ঠিক একইরকমভাবে এ্যাশেজ নিয়ে আলোচনা-উত্তেজনা ক্রিকেট বিশ্বে অনেক আগ থেকেই। যার বয়স ‘একশ বছরের বেশি সময়’। তবে বর্তমান যুগে আলোচনার টেবিলে একটি প্রশ্ন বার বার উঠে আসছে। আর তা হল-‘সবচেয়ে জনপ্রিয় কোন সিরিজ, ভারত-পাকিস্তান নাকি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ! তা জানতে গেলে হিসাবের বিশে¬ষণ করতে হবে। আর উত্তর সহজে পাওয়াও যাবে কি-না তা নিয়ে কিছুটা হলেও সন্দেহ থেকেই যাচ্ছে। তবে বিশে¬ষণের হিসাবে না গিয়ে ভারত-পাকিস্তান ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সরাসরি কথা বললেন আকরাম। অ্যাশেজের চেয়ে ভারত-পাকিস্তান সিরিজই বেশি গুরুত্বপূর্ণ বলে জানালেন আকরাম, ‘অ্যাশেজের সাথে তুলনা হয় না ভারত-পাকিস্তান সিরিজের। দু’টি ভিন্ন ধরনের সিরিজ। তারপরও ভারত-পাকিস্তান সিরিজ অনেক বেশি আবেগপূর্ণ। তবে দু’টি সিরিজে ভিন্ন ভিন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। ভারত-পাকিস্তান ম্যাচে পাকরা হারলে বলা হয় ‘হারা দলের এখনই দেশে ফিরে যাওয়া উচিত’। আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে হেরে যাওয়া দলকে বলা হয়- ‘এটা কোন বিষয় নয়। ম্যাচে হার-জিত রয়েছে। পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। আবারো ভালো খেলবে।’ দু’টি সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে একটি উদাহরণও টানলেন আকরাম। তিনি বলেন, ‘১৯৯৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে আমরা হেরেছিলাম। ঐ ম্যাচে আসলেই খুব ভালো খেলেছিলো ভারত। আর ম্যাচের পর ক্রিকেট বোর্ড থেকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছিল। সুতরাং পুরো দল এবং আমি লাহোরে যাইনি। এছাড়া আবারো পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রশংসাও করলেন আকরাম। ইমরানকে নিজের রোল মডেল জানিয়ে আকরাম বলেন, ‘আমার বেডরুমে ইমরানের ছবি টানিয়ে রেখেছি আমি। তার সাথে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পেরেছি আমি। যা ছিল আমার জন্য সেরা অর্জন। আমার ভালো খেলার পিছনে তার অবদান অনেক বেশি। সে আমার রোল মডেল।’ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে প্রায় এক হাজার উইকেট শিকার করেছেন আকরাম। আর সমপ্রতি নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বর্তমান সময় বেশ আনন্দের সাথেই পার করছেন ৪৭ বছর বয়সী আকরাম।-বাসস