বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা জিমি কনর্সকে কোচ হিসেবে বেছে নিয়েছেন। এর আগে অ্যান্ডি রডিকের কোচ ছিলেন পাঁচটি ইউএস ওপেনসহ আটবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ৬০ বছর বয়সী কনর্স।
শারাপোভা নিজের ওয়েবসাইটে গত শনিবার কনর্সকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেন। তিনি এতে লেখেন, ‘আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, জিমি কনর্স হবেন আমার নতুন কোচ। আমি অনেক বছর ধরেই জিমিকে চিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্কালে আমরা কিছু সময় এক সাথে কাজও করেছি। তাই আমি সামনের টুর্নামেন্টগুলোর দিকে তাকিয়ে আছি।’
উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের দুই সপ্তাহ পর গত শুক্রবার রুশি টেনিস খেলোয়াড়টি তার তিন বছরের কোচ থমাস হজটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেছে নেন কনর্সকে। শারাপোভার সঙ্গে ২০১০ সাল থেকে কাজ করছিলেন ৪৯ বছর বয়সী এই সুইডিশ। দু’জনে অবশ্য সমঝোতার মাধ্যমেই এ সিদ্ধান্ত নেন। ২০০৮ সালের পর কেবল একটি গ্র্যান্ডস্ল্যাম জেতেন শারাপোভা। গত বছরের ফরাসি ওপেনটি জয়ের পর শারাপোভা এবারের উইম্বলডনে ফেবারিট হওয়ার পরও দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে বাধ্য হন।
ধারণা করা হচ্ছে, রুশি খেলোয়াড়টি সামনের মাসগুলোতে ইউএস ওপেনে অংশ নেয়ার আগে যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট টেনিস প্রতিযোগিতায় দাপট দেখাতে চান।
তবে পুরনো কোচ সম্পর্কে শারাপোভা বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি সামনের দিনগুলোতে ব্যাপক ভ্রমণে অংশ নিতে পারবেন না। সে জন্য আমরা উভয়েই একমত হয়েছি যে, এটাই বিচ্ছিন্ন হওয়ার উপযুক্ত সময়। তার সব অবদানের জন্য আমি তাকে ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।
