ব্যক্তিত্ব প্রকাশের মন্ত্র

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ১৯:৫৭
পোশাক নির্বাচনে দুই স্তরে মোট ছয়টি বিষয় প্রাথমিকভাবে মাথায় রাখা হয়। প্রথমত, প্রতিষ্ঠানের ধরন, প্রচলিত সংস্কৃতি ও আপনার অবস্থান—এই তিনটি বিষয় ভালো বুঝুন এবং পোশাকে এর সমন্বয় কিভাবে ঘটানো যায় তা ভাবুন। দ্বিতীয়ত, বর্তমানে প্রচলিত ফ্যাশন, আপনার দেহের গঠন ও ত্বকের রঙের সঙ্গে মানানসই এবং ঋতু অনুযায়ী এমন পোশাক হতে হবে, যা ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। এখন ফ্যাশনবিষয়ক অনুষ্ঠান, ম্যাগাজিন, লেখালেখি, বই ইত্যাদি কোনোটিরই কমতি নেই। পোশাকের স্টাইল, হালচাল, সময়ের ব্যবধানে, ঋতুভেদে প্রতিনিয়ত পাল্টায়। নজর রাখুন এবং নিজেকে আপ-টু-ডেট রাখুন। অফিসে দামি পোশাক পরতেই পারেন; কিন্তু দামের ব্যাপারটি মাথায় না রেখে পোশাকটি কতটা রুচিসম্মত এবং আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই তা আগে বিবেচনা করুন। পোশাক পুরোনো হতে পারে; কিন্তু কখনও যেন নোংরা না হয়। ঝকঝকে পরিষ্কার, মাড় দেওয়া (পোশাক বুঝে), আয়রন করা পরিপাটি পোশাক পরুন। কাজের সঙ্গে মানানসই ও আরামদায়ক পোশাক পরুন। কাজের চেয়ে পোশাক যেন বেশি গুরুত্ব না পায়। পোশাক যেন আপনার সহকর্মীদের সঙ্গে এমন ব্যবধান তৈরি করে না দেয়, যা দলগত কাজে বাধা হয়ে দাঁড়ায়। আপনার পদের অন্য সহকর্মীরা কী ধরনের পোশাক পরছেন খেয়াল করুন। পোশাক নিয়ে প্রতিযোগিতায় নামবেন না। নিজের ব্যক্তিত্ব অনুযায়ী স্বতন্ত্র অবস্থান তৈরিতে পোশাক নির্বাচন করুন। পোশাকের সঙ্গে আছে নানা অনুষঙ্গ, যেমন—অলংকার, ঘড়ি, জুতা, সুগন্ধি, চুলের কাটিং, মেকআপসহ অনেক কিছু। সঙ্গে থাকে আরও ব্যবহার্য জিনিসপত্র, যেমন—ছাতা, ক্যাপ, ব্যাগ ইত্যাদি। এগুলো সঠিকভাবে নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চুলের কাটিং, অলংকার ও সুগন্ধি। এ সব কিছুই পোশাকের সঙ্গে রুচিশীল এবং আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হওয়া দরকার। পর পর দুই দিন একই পোশাক পরা এড়িয়ে চলুন। এতে যেমন নতুনত্ব আছে, তেমনি আছে বৈচিত্র্য। একেক দিন একেক পোশাক, এভাবে ঘুরিয়ে-ফিরিয়ে পরুন। অন্যকে অনুসরণ না করে চেষ্টা করুন নিজে পোশাক নির্বাচন করতে। এমনভাবে করুন, যাতে অন্যরা আপনাকে অনুসরণ করে। এ প্রক্রিয়াটি অনুসরণ করতে হলে ফ্যাশন, প্রতিষ্ঠান ও আপনাকে কেমন লাগবে—এই তিনটি বিষয়ে আপনাকে আসলেই দক্ষ হতে হবে। নতুন পোশাক পরে আপনাকে কেমন লাগছে, তার সঠিক মতামত সংগ্রহ করুন। সে অনুযায়ী পরবর্তী পোশাক নির্বাচন করুন। পোশাক নির্বাচনে প্রয়োজনবোধে প্রশিক্ষণও নিতে পারেন, যা আপনার দেহের গঠন ও ত্বকের রং অনুযায়ী অফিস পোশাক, পার্টি পোশাক, ভ্রমণ পোশাক, ঋতুভেদে পোশাক ইত্যাদি বিষয়ে আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।