ফ্লোরিডার সানফোর্ড শহরে ট্রেভান মার্টিন নামে (১৭) এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা মামলায় শ্বেতাঙ্গ প্রহরী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাস দেয়ার প্রতিবাদে রবিবার হাজার হাজার লোক যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে। শনিবার জিমারম্যানকে আদালতের রায়ে নির্দোষ ঘোষণা করা হয়। এর পরপরই যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদকারী লোকজন।
সূত্র জানায়, ওইদিন প্রায় ১০ হাজার লোক নিউইয়র্কের ইউনিয়ন স্কোয়ার থেকে মার্চ করে টাইম স্কোয়ার পর্যন্ত যায়। এ সময় তারা ওই রায়ের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা এর জন্য তাদের গভীর হতাশা ও ক্ষোভের কথা ব্যক্ত করেন। আল জাজিরার সংবাদদাতা ম্যাথিউ ক্যাসেল বলেন, ওইদিন হাজার হাজার লোক টাইমস স্কোয়ারে এসে জড়ো হয়। তারা বলেন, ‘ট্রেভানের মৃত্যু আর জিমারম্যানের মুক্তি’- এটই হলো যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। গতবছর কৃষ্ণাঙ্গ ট্রেভান মার্টিনকে গুলি করে হত্যার অভিযোগ উঠে জিম্যারম্যানের (২৯) বিরুদ্ধে। আত্মরক্ষার্থে তিনি গুলি চালিয়েছেন বলে আদালতে তার আইনজীবীরা যুক্তি দেখান। এরই পরিপ্রেক্ষিতে তাকে বেকসুর খালাস দেয় আদালত। রায়ের পর টুইটারে মার্টিনের বাবা লিখেছেন, যদিও আমার হূদয় ভেঙে গেছে, তবুও আমার বিশ্বাসচ্যুতি ঘটেনি।’ তার ছেলের পক্ষে মার্কিনীরা দাঁড়ানোয় তিনি তাদের ধন্যবাদ জানান। শুধু টাইমস স্কোয়ার নয়, বিক্ষোভ হয়েছে সান ফ্রান্সিসকো, শিকাগো, ওয়াশিংটন, আটলান্টা, ওকল্যান্ড ও ফিলাডেলফিয়ায়ও। রায় ঘোষণার পরপরই এসব জায়গায় লোকজন সমবেত হয়। জাতিগত বিভেদ থেকে এ মামলায় এমন রায় দেয়া হয়েছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা।
