আজ ঢাকা ছাড়ছে আকসু দল

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২১:৩৬
‘অধিকতর’ তদন্তের স্বার্থে গত দুইদিন ধরে ঢাকায় আরও কিছু জিজ্ঞাসাবাদ করেছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) একটি তদন্ত দল। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, তারা তাদের শেষ পর্যায়ের এই জিজ্ঞাসাবাদ শেষ করে আজ ঢাকা ছাড়ছে। সেই সঙ্গে আকসুর এই দলের সঙ্গে কথা বলে বিসিবি জানতে পেরেছে, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্রান্ত রিপোর্ট হাতে পাবে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের অন্তত দুটি ম্যাচ নিয়ে তদন্ত করছে আকসু। গত কয়েক মাস ধরে তদন্তে বেশ কয়েকজন খেলোয়াড় ও দল মালিকের নাম পত্রপত্রিকায় এসেছে। এরমধ্যে নিজের অপরাধ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উল্লেখিত দুটি ম্যাচে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ইতোমধ্যে তিনি সাময়িক নিষিদ্ধও হয়ে আছেন। তবে সব মিলিয়ে কোন খেলোয়াড়ের বিপক্ষে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নির্ভর করছে আকসুর রিপোর্ট পাওয়ার ওপরে। বিসিবির উচ্চ পদস্থ এক কর্মকর্তা পরিষ্কার বলেছেন, ‘তাদের তদন্ত সম্পন্ন করতে যা যা করা দরকার ছিল, তা তারা শেষ করেছে বলেই আমরা জানতে পেরেছি। এই দফায় আকসু দল মূলত কয়েকজন ম্যাচ অফিশিয়াল ও দল মালিককে জিজ্ঞাসাবাদ করেছেন। আমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই রিপোর্ট পাবো বলে আশা করছি।’